নিজস্ব প্রতিবেদক: ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিওওয়াইফাই) প্রযুক্তির মাধ্যমে ওয়াই-ফাই কলিং সেবা চালু করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। দেশের ডিজিটাল সংযোগের অগ্রযাত্রায় এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ওয়াই-ফাই কলিং চালুর ফলে ভিওএলটিই (ভয়েস ওভার এলটিই) সেবার আওতায় থাকা গ্রামীণফোন গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে আরও স্পষ্ট ও মানসম্মত ভয়েস কল উপভোগ করতে পারবেন। বিশেষ করে যেসব স্থানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল, সেখানে নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে নিরবচ্ছিন্ন কলিং সুবিধা পাওয়া যাবে।
প্রাথমিক পর্যায়ে সেবাটি নিশ্চিত করতে আইএসপি পার্টনার হিসেবে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড এবং এমআইমি-ইন্টারনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন। এই সেবাটি কলের মান উন্নত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং অতিরিক্ত কোনো অ্যাপ ছাড়াই গ্রাহকদের উন্নত কলিং অভিজ্ঞতা দেবে।
গ্রাহক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশব্যাপী নির্ভরযোগ্য যোগাযোগ সেবা প্রদানের প্রতিশ্রুতিরই অংশ হিসেবে এই নতুন সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে গ্রামীণফোন।
এ বিষয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও ডিজিটাল সেবার মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াই-ফাই কলিং সেবা আমাদের সেই অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে গ্রাহকরা ওয়াই-ফাই নেটওয়ার্কে আরও স্পষ্ট ও উচ্চমানের ভয়েস কল উপভোগ করতে পারবেন।’
মোবাইল অপারেটর থেকে টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে গ্রামীণফোনের চলমান অভিযাত্রাকে আরও শক্তিশালী করেছে ওয়াই-ফাই কলিং সেবা চালুর এই উদ্যোগ। কোনো অতিরিক্ত খরচ ছাড়াই উন্নত ভয়েস কল সুবিধা প্রদান গ্রামীণফোনের গ্রাহককেন্দ্রিক ও উদ্ভাবনমুখী দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
