Print Date & Time : 1 May 2026 Friday 11:23 pm

কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান নতুন করে দেশ গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৯ বছর পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার বিকাল ৪টা ৬ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বসেন চিরচেনা দলীয় কার্যালয়ে। এর আগে সর্বশেষ ২০০৬ সালে তিনি দলীয় প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। কার্যালয়ে তাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। উজ্জীবিত নেতাকর্মীদের নতুন করে দেশ গঠনের আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করব রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে যখন কর্মসূচি থাকবে, আমি বক্তব্য রাখব। সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও দোয়া করি যে সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।

নয়াপল্টনে তারেক রহমানের আগমন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন। নেতাকর্মীদের ভিড় ঠেলে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গতকাল ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এ ছাড়া বগুড়া-৬ আসন থেকেও তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।