শেয়ার বিজ ডেস্ক: একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা জমাকৃত অর্থ ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন।
আজ বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে তাদের জমা রাখা অর্থ আটকে রয়েছে। প্রয়োজনের সময় টাকা উত্তোলন করতে না পেরে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন তারা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসফেরত এক গ্রাহক হেফাজ বলেন, “২৫ বছর সৌদি আরবে কাজ করে কষ্টে টাকা জমা রেখেছি। এখন সেই টাকা তুলতে পারছি না। এক-দুই হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আমরা আমাদের পুরো টাকা ফেরত চাই।”
আন্দোলনকারীরা দাবি জানান, আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে। পাশাপাশি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
উল্লেখ্য, তারল্য সংকট ও বিভিন্ন অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক বর্তমানে একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ ইস্যুতে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকাতেও আমানতকারীরা বিক্ষোভ ও ব্যাংক শাখায় তালা দেওয়ার কর্মসূচি পালন করেছেন।
এদিকে, বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান, ফলে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
