Print Date & Time : 30 April 2026 Thursday 1:05 am

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৩০ হাজার টন জ্বালানি তেল

চট্টগ্রাম ব্যুরো : ৩০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে হংকং পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ। বৃহস্পতিবার ‘এমটি গ্রান কাউভা’ নামের ট্যাংকারটি বন্দরে নোঙর করে। জানা গেছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ইউনিপেক এ চালানটি রপ্তানি করেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া জানান, নতুন আসা জাহাজটিতে ২০ হাজার টন ডিজেল এবং ১০ হাজার টন জেট ফুয়েল রয়েছে। ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে, আর জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিভিন্ন বিমানবন্দরে।

চলতি মাসে এটি নবম তেলবাহী জাহাজ, যা দেশে এসেছে। মোট ১৭টি জাহাজ আসার কথা থাকলেও বাকি কয়েকটির সময়সূচি এখনও অনিশ্চিত। এর আগে আরও আটটি জাহাজ দেশে পৌঁছেছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে বিলম্বের কারণে সাম্প্রতিক সময়ে জ্বালানি ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

তবে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়েই জাহাজটি এসেছে এবং দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও নেওয়া হচ্ছে।