Print Date & Time : 1 May 2026 Friday 12:59 am

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

চট্টগ্রাম ব্যুরো: জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানি বাংলাদেশের অবকাঠামো ও বন্দর খাতে বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি চেয়ারম্যান কেনিচিরো কাওয়ামোটোর নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে।
গতকাল বৃহস্পতিবার তারা চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরা হয়। এর মধ্যে ডিজিটালাইজেশন, অটোমেশন, রেকর্ডসংখ্যক কনটেইনার হ্যান্ডলিং, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড আইএসপিএসে ‘জিরো অবজারভেশন’ এবং জাহাজের জন্য অপেক্ষার সময় শূন্যে নামিয়ে আনার বিষয়গুলো উল্লেখ করা হয়।
এ সময় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের উন্নয়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে মিৎসুইয়ের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে বড় আকারের জাহাজ সরাসরি নোঙর করতে পারবে, যা দেশের আমদানি-রপ্তানি ব্যয় কমাতে সহায়ক হবে। বৈঠক শেষে মিৎসুই প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং ‘ব্ল– ইকোনমি’ খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। প্রতিনিধি দলে আরও ছিলেন ডেপুটি কান্ট্রি চেয়ারম্যান রেইজি নাকানিশি এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি বিভাগের ডেপুটি ম্যানেজার মোহাইমিনুল ইসলাম।