Print Date & Time : 24 May 2026 Sunday 1:18 am

চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯০

শেয়ার বিজ ডেস্ক: উত্তর চীনের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এটিকে গত এক দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের শানসি প্রদেশের ওই খনিতে এখনো অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর তথ্য অনুযায়ী, ৪০০ থেকে ৫০০ সদস্যের একটি উদ্ধারকারী দল মাটির নিচে অভিযান চালাচ্ছে।

এর আগে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, চ্যাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়, যার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হলেও কয়লা এখনো চীনের জ্বালানি খাতের প্রধান উৎসগুলোর একটি। বিশেষ করে শানসি প্রদেশ থেকে দেশটির মোট কয়লা উৎপাদনের এক-চতুর্থাংশের বেশি সরবরাহ করা হয়।