Print Date & Time : 26 March 2026 Thursday 12:37 pm

চীন থেকে ২.৯ বিলিয়ন ডলারের সোলার যন্ত্রপাতি কিনবে টেসলা

শেয়ার বিজ ডেস্ক : বিশ্ববিখ্যাত ইলেকট্রিক গাড়ি ও সোলার কোম্পানি টেসলা চীনের কয়েকটি প্রতিষ্ঠান থেকে ২.৯ বিলিয়ন ডলারের সোলার প্যানেল এবং সেল তৈরির যন্ত্রপাতি কেনার প্রাথমিক আলোচনা চালাচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ১০০ গিগাওয়াট সোলার উৎপাদন ক্ষমতা যোগ করা। খবর রয়টার্স

সূত্রের বরাতে জানা গেছে, চীনের সুজউ ম্যাক্সওয়েল টেকনোলজিস, শেনঝেন এস.সি নিউ এনার্জি টেকনোলজি এবং লাপ্লাস রিনিউঅ্যাবল এনার্জি টেকনোলজি যন্ত্রপাতি সরবরাহের প্রধান প্রার্থী। এর মধ্যে কিছু যন্ত্রপাতি বিশেষ করে স্ক্রিন-প্রিন্টিং প্রোডাকশন লাইন, সরবরাহের জন্য চীনের রপ্তানি অনুমোদন প্রয়োজন।

তিনটি সূত্র জানিয়েছে, সরবরাহকৃত যন্ত্রপাতি টেক্সাসে পাঠানোর পরিকল্পনা রয়েছে। টেসলা মূলত নিজের ব্যবহারের জন্য সোলার ক্ষমতা তৈরি করবে। তবে কিছু অংশ স্পেসএক্সের স্যাটেলাইট পরিচালনায়ও ব্যবহƒত হবে।

টেসলার সিইও ইলন মাস্ক জানিয়েছেন, সোলার শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সব বিদ্যুৎ চাহিদা পূরণ করতে সক্ষম, বিশেষ করে ডেটা সেন্টার ও শিল্প উৎপাদনের বাড়তি চাহিদা পূরণে। টেসলা ২০২৮ সালের মধ্যে ‘সোলার ম্যানুফ্যাকচারিং’ থেকে সম্পূর্ণ ১০০ গিগাওয়াট উৎপাদন করার পরিকল্পনা করছে।

বিশ্লেষকদের মতে, চীনের এই সম্ভাব্য অর্ডার স্থানীয় সোলার যন্ত্রপাতি উৎপাদকদের জন্য বড় সহায়তা হবে। দেশে অভ্যন্তরীণ উৎপাদনে অতিরিক্ত সরঞ্জাম থাকায় অনেক কোম্পানি মন্দার মুখে পড়েছিল। যদিও মার্কিন বাজারে সস্তা চীনা প্যানেল ও সেল আমদানি সীমিত করার জন্য শুল্ক আরোপ করা হয়েছে। তবে সোলার উৎপাদনের যন্ত্রপাতি শুল্কমুক্ত রাখা হয়েছে।

টেসলা বর্তমানে বিভিন্ন অঞ্চলে স্থানীয় সরবরাহকারীদের ব্যবহার বাড়াচ্ছে, কিন্তু এখনও প্রায় ৪০০ চীনভিত্তিক সরবরাহকারীর ওপর নির্ভরশীল। এর মধ্যে ৬০ জন সরবরাহকারী টেসলার বিশ্বব্যাপী প্ল্যান্টেও সরবরাহ দেয়।

মাস্কের এই উদ্যোগ মার্কিন সোলার শিল্পে নতুন মাত্রা যোগ করতে পারে এবং দেশকে নবায়নযোগ্য শক্তিতে আরও স্বয়ংসম্পূর্ণ করতে সাহায্য করবে।