Print Date & Time : 30 April 2026 Thursday 6:18 am

জরুরি ভিত্তিতে তিন লাখ টন ডিজেল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক : দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে (দরপত্র বা প্রতিযোগিতা ছাড়াই) মোট তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ষষ্ঠ সভা। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভা সূত্রে জানা গেছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক বাজারে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপের কাছ থেকে একই পদ্ধতিতে দুই লাখ মেট্রিক টন ইএন ৫৯০ মানের ডিজেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে বুধবার জ্বালানি সংকট মোকাবিলায় খোলাবাজার বা স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সে সভায়ও সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। পরে ক্রয় কমিটির বৈঠক ও মন্ত্রিসভার বৈঠক নিয়ে প্রশ্নের জবাবে দেশে প্রয়োজনীয় সব ধরনের জ্বালানি ‘এক মাসের মত’ মজুত থাকার তথ্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তবে কোন ধরনের জ্বালানি তেল কী পরিমাণে রয়েছে, সেই তথ্য তার কাছে এখন নেই বলে বিফ্রিংয়ে তুলে ধরেন তিনি।