নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ে বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় যৌথ উদ্যোগ আরও জোরদার করতে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং আইসিডিডিআর, বি টানা তৃতীয় বছরের মতো পারস্পরিক সহযোগিতা চুক্তি নবায়ন করেছে। এর মাধ্যমে দেশের পরিবেশগত স্থায়িত্ব ও জনস্বাস্থ্য উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত হলো।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ)-এর আওতায় একটি চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন ‘বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি’-এর তৃতীয় ধাপ বাস্তবায়নের জন্য আইসিডিডিআর, বি-এর বায়োসেফটি ইউনিটের প্রধান ড. আসাদুল গনি-এর কাছে একটি চেক হস্তান্তর করেন। এ ছাড়া আইসিডিডিআর, বি-এর মতলব স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের প্রধান ড. মো. আল ফজল খান-এর হাতে প্রকল্প সহায়তা হিসেবে আরও একটি চেক তুলে দেওয়া হয়।
‘সাসটেইনেবল সলিড বায়োহ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট’-এর সেরা অনুশীলন বিষয়ক এই উদ্যোগের তৃতীয় ধাপে ২০২৬ সালেও কর্মসূচির অর্থায়ন অব্যাহত রাখবে ইবিএল। নতুন ধাপে প্রতিষ্ঠানগত সক্ষমতা বৃদ্ধি, কার্যকর অপারেশনাল ব্যবস্থা গড়ে তোলা এবং জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ ও টেকসইভাবে বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। একই সঙ্গে জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে হালনাগাদ জাতীয় নির্দেশিকা বাস্তবায়নেও সহায়তা করা হবে।
এ উদ্যোগের পাশাপাশি ইবিএলের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় আইসিডিডিআর, বি-এর মতলব হাসপাতালেও সহায়তা অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্য গবেষণা ও চিকিৎসাসেবায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই হাসপাতালটি প্রতিবছর হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে এবং মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও ডায়রিয়া চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে আইসিডিডিআর, বি-এর পক্ষে উপস্থিত ছিলেন ফান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আরমানা আহমেদ, ডোনার রিলেশনস বিভাগের ব্যবস্থাপক নাসের আজাদ এবং ডেভেলপমেন্ট বিভাগের সমন্বয়কারী লায়লা ফারজানা।
ইবিএলের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, বিজনেস ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান মো. মাশকুর রেজা, এফসিএসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
