Print Date & Time : 29 April 2026 Wednesday 4:50 am

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে জাল নোটের প্রচলন রোধে শক্তিশালী আইনগত কাঠামো, আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে জাল নোটের প্রবণতা কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও নির্মূল করা সম্ভব হবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের সরকারি দলের সদস্য মো. জালাল উদ্দিন কর্তৃক বিধি ৭১-এর আওতায় উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জাল নোটের প্রচলন রোধে একটি খসড়া আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রস্তাবিত আইনে জাল নোট তৈরি বা এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আইনটি কার্যকর হলে জাল নোটের বিস্তার নিয়ন্ত্রণে আসবে এবং নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
নোটিশে নতুন ব্যাংক নোট এবং জাল নোট-সংক্রান্ত উদ্বেগের বিষয় তুলে ধরা হলে মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নত করছে এবং বাজারে মানসম্মত নোটের সরবরাহ নিশ্চিত করছে। সরকার নীতিগত ও প্রযুক্তিগত উভয় দিক থেকেই সমস্যার সমাধানে কাজকরছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে পরামর্শ করে যে কোনো প্রযুক্তিগত সমস্যা পর্যালোচনা করা হবে এবং কোনো ঘাটতি পাওয়া গেলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
নতুন সিরিজের ব্যাংক নোট ইতোমধ্যে চালু হয়েছে বলে জানান মন্ত্রী। এসব নোট বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্য ও স্থাপত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। দেশের খ্যাতিমান শিল্পীদের মাধ্যমে এসব নকশা প্রস্তুত করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা কমিটির সুপারিশে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ২৭ নম্বর ধারা অনুযায়ী অনুমোদিত হয়েছে।
মন্ত্রী বলেন, নতুন নোটগুলোয় আগের তুলনায় আরও উন্নত ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যম এবং কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে জনগণকে অবহিত করা হয়েছে।
মুদ্রা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং অচল নোট প্রত্যাহারের হার বিবেচনায় নিয়ে নোট ছাপানো হয়ে থাকে। জাতীয় মুদ্রার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আইনগত, প্রযুক্তিগত এবং প্রশাসনিক সব ধরনের ব্যবস্থা আরও জোরদার করবে বলেও তিনি উল্লেখ করেন।