Print Date & Time : 1 May 2026 Friday 2:03 am

জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে ‘মরার ওপর খাড়ার ঘা’র মতো পরিস্থিতি তৈরি করেছে। এর প্রভাব ইতোমধ্যে পণ্য, খাদ্যদ্রব্য ও সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় পড়তে শুরু করেছে, ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানি সংকট কোনো একক দেশের সমস্যা নয়; এটি বৈশ্বিক পরিস্থিতির অংশ। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি, তবে এই অবস্থা কতদিন বজায় রাখা সম্ভব হবে, তা অনিশ্চিত।

তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখার চেষ্টা করা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে। সরকারি তহবিলের ওপর চাপ অব্যাহত থাকলে এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে।

অর্থমন্ত্রী জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে।