নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে নতুন করে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা) বা কাঁচামালের দাম কমে যাওয়ার প্রভাবেই এই মূল্যহ্রাস করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, সকালে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
এর আগে গত কয়েক দফায় সোনার দাম বাড়লেও, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে দামের ওঠানামার কারণে ধারাবাহিকভাবে কিছুটা কমতির প্রবণতা দেখা যাচ্ছে।
