Print Date & Time : 29 April 2026 Wednesday 2:42 pm

টানা দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা) এর দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে, মঙ্গলবারও প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। তার আগে ২৩ এপ্রিল কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা। ফলে ছয় দিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম মোট কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৮০৮ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

উল্লেখ্য, বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হয়েছে।

অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় পর্যায়ে কাঁচা সোনার দর কমে যাওয়ায় এ ধরনের মূল্য সমন্বয় দেখা যাচ্ছে। তবে সামনের দিনগুলোতে দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে।