Print Date & Time : 26 April 2026 Sunday 7:38 pm

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনের লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ পয়েন্টে। একই সময়ে ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১১ দশমিক ৩৬ পয়েন্ট, যা দিনশেষে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৯৮২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার তুলনায় বেশি।

মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টি কোম্পানির, বিপরীতে ১৭২টি কোম্পানির দর কমেছে। এছাড়া ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও অধিকাংশ কোম্পানির দরপতন বাজারে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের ইঙ্গিত দেয়।