নিজস্ব প্রতিবেদক : সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে গত সপ্তাহে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এ সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধির প্রভাবে বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে ৮ হাজার ৯৬১ কোটি টাকা বেড়েছে। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ২৮ শতাংশ বা ৮ হাজার ৯৬১ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১২৭ দশমিক ৫৬ পয়েন্ট বা ২ দশমিক ৪২৩ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫৪ দশমিক ৭৪ পয়েন্ট বা ২ দশমিক ৭২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৩০ দশমিক ৭০ পয়েন্ট বা ২ দশমিক ৯৩ শতাংশ।
তবে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৮২৫ কোটি ৬৩ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৬৫ কোটি ১৩ লাখ টাকা বা ২৩ দশমিক ৭১ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৩৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২৪টি কোম্পানির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১ দশমিক ০৪ শতাংশ ও ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৯৮০ দশমিক ০৭ পয়েন্টে ও ৯১৫৯ দশমিক ৮০ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে ১.৪০ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১৫০ দশমিক ১৮ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৮৩ শতাংশ ও সিএসআই সূচক ১ দশমিক ৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৩০৭ দশমিক ৭১ পয়েন্টে ও ৯০৪ দশমিক ৬২ পয়েন্টে।
গত সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৫২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১০৬ কোটি ২ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৬০ কোটি ৫০ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ারদর।
এ বিষয়ে বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ের দরপতনের পর অনেক কোম্পানির শেয়ারদর তুলনামূলকভাবে আকর্ষণীয় পর্যায়ে নেমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে ক্রয়চাপ তৈরি হয়েছে। এর ফলে বাজারে সূচকের উত্থান এবং বাজার মূলধন বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। তারা মনে করেন, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরতে শুরু করেছে, যা এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বাজারের এই ইতিবাচক ধারা ধরে রাখতে নীতিগত স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ বজায় রাখা প্রয়োজন বলেও মনে করেন তারা।
