Print Date & Time : 26 April 2026 Sunday 9:24 pm

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি

শেয়ার বিজ ডেস্ক: গ্রাহক সুরক্ষা ও ব্যাংকিং সেবার মানোন্নয়নে কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে ওরাকল ফাইন্যানশিয়াল সার্ভিসেস সফ্টওয়্যার (ওএফএসএস) এবং এর স্থানীয় অংশীদার ডাটা এজ লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

চুক্তি অনুযায়ী, এনআরবি ব্যাংকের কোর ব্যাংকিং প্ল্যাটফর্মকে ‘ফ্লেক্সকিউব ইউবিএস ১৪.৮’ সংস্করণে উন্নীত করা হবে। এর মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশে প্রথমবারের মতো ইউবিএস ১৪.৮ সংস্করণ চালু করল, যা তাদের ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা জোরদার ও প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং ডাটা এজ লিমিটেডের চেয়ারম্যান নূর আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন হাওলাদার, আনোয়ার উদ্দিন ও এম রশিদুল হুদা; ডাটা এজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফুজ্জামান চৌধুরী, চিফ বিজনেস অফিসার অসীম তালুকদার এবং ওএফএসএস-এর প্রতিনিধি কে রাজেশ কুমার, স্বজাতো জাইন ও সতীশ কৃষ্ণমূর্তি।

ব্যাংক সূত্রে জানা গেছে, আপগ্রেড করা এই প্ল্যাটফর্ম গ্রাহক সেবার মান উন্নত করার পাশাপাশি অপারেশনাল দক্ষতা বাড়াবে এবং আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সঙ্গে আরও ভালো সমন্বয় নিশ্চিত করবে। এর ফলে এনআরবি ব্যাংকের ডিজিটাল প্রস্তুতি আরও শক্তিশালী হবে এবং প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান বলেন, “এই উদ্যোগটি ডিজিটাল রূপান্তরের প্রতি আমাদের অঙ্গীকার এবং গ্রাহকদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণের প্রতিফলন।”

ডাটা এজ লিমিটেডের চেয়ারম্যান নূর আলম চৌধুরী বলেন, “আমরা এই প্রকল্পের সফল ও সময়মতো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এটি এনআরবি ব্যাংক ও এর গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে বলে আমরা আশাবাদী।”