শেয়ার বিজ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও আবহাওয়া সংস্থাগুলোর নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গরমে বিশ্বের কৃষি ও খাদ্য ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এর ফলে বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষের জীবন, জীবিকা ও স্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, দিন দিন তাপমাত্রা ও তাপপ্রবাহ বেড়েই চলেছে। এই অতিরিক্ত গরমের কারণে খরা এবং দাবানল মারাত্মক রূপ নিচ্ছে; যা ফসল উৎপাদনের জন্য বড় একটি বাধা। সংস্থাটির প্রধান জানিয়েছেন, তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে গেলে ফসলের ফলন মারাত্মকভাবে কমে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা আগের চেয়ে অনেক দ্রুত বাড়ছে। উদাহরণ হিসেবে বলা যায়, সাম্প্রতিক বছরগুলোয় দীর্ঘস্থায়ী গরমের কারণে ব্রাজিলে সয়াবিন উৎপাদন প্রায় ২০ শতাংশ কমে গিয়েছিল। একইভাবে তাপপ্রবাহের কারণে কিরগিজস্তানেও শস্য উৎপাদন ২৫ শতাংশ কমে যায়। শুধু ডাঙায় নয়, সাগরের জগতেও এই গরমের বিরূপ প্রভাব পড়েছে। সাগরের পানিতে তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে এবং বিপুল পরিমাণ মাছের জীবন ও সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
এমন কঠিন পরিস্থিতিতে কৃষক ও জেলেদের আগে থেকেই সতর্ক করতে এবং তাদের সুরক্ষার জন্য উন্নত ‘আগাম সতর্কবার্তা ব্যবস্থা’ গড়ে তোলার ওপর জোর দিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো। তারা বলছে, আবহাওয়া নিয়ে আগে থেকেই সঠিক তথ্য পাওয়া গেলে কৃষকরা ফসলের ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। এই মহাবিপর্যয় ঠেকাতে বিচ্ছিন্ন কোনো উদ্যোগ না নিয়ে বরং পুরো বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাগুলো।

Print Date & Time : 23 April 2026 Thursday 7:00 am
তীব্র গরমে বিশ্ব খাদ্য ব্যবস্থা চরম হুমকিতে : জাতিসংঘ
দিনের খবর ♦ প্রকাশ: