শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে আট হাজারেরও বেশ ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ঝড়ের প্রভাবে ব্যাপক তুষারপাত এবং টেক্সাস থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত বিশাল এলাকাজুড়ে বিপর্যয়কর বরফ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়্যারের তথ্যমতে, গতকাল অন্তত ৩ হাজার ৪০০টি ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়েছে এবং আজ রোববারের জন্য আরো পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ বর্তমানে শীতকালীন ঝড়ের সতর্কবার্তার অধীনে রয়েছেন। মার্কিন আবহাওয়াবিদদের মতে, বিশেষ করে বরফকবলিত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ ঘূর্ণিঝড়ের সমতুল্য হতে পারে।
শনিবারের এই বড় ঝড়ের আগে শুক্রবার থেকেই টেক্সাস, ওকলাহোমা এবং কানসাসের কিছু অংশে তুষারপাত শুরু হয়েছে। এই ঝড়টি আর্কটিক অঞ্চল থেকে আসা তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে মিশে পুরো সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকাকে প্রভাবিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মেরিল্যান্ডের মার্কিন আবহাওয়া পূর্বাভাস সেন্টারের আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান ব্রিটিশ বার্তা রয়টার্সকে বলেন, ‘এটি একটি অত্যন্ত ভয়ংকর ঝড়।’
ডাকোটা এবং মিনেসোটা অঙ্গরাজ্যে হাড়কাঁপানো বাতাসের কারণে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, পর্যাপ্ত পোশাক ছাড়া এই প্রচণ্ড ঠাণ্ডার সংস্পর্শে এলে খুব দ্রুত ‘হাইপোথার্মিয়া’ হতে পারে।
লুইজিয়ানা, মিসিসিপি ও টেনেসি অঙ্গরাজ্যে পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অ্যাশারম্যান জানান, সেখানে প্রায় এক ইঞ্চি পুরু বরফের স্তরে গাছের ডালপালা, বিদ্যুৎ লাইন ও রাস্তাঘাট ঢেকে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের অন্তত ১২টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানান, সড়ক বিভাগ রাস্তাগুলোতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। তিনি বাসিন্দাদের সম্ভব হলে ঘরে থাকার জন্য অনুরোধ করেছেন।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা করছে, কারণ বরফে ঢাকা গাছের ডাল বা বিদ্যুতের তার ঝড় থেমে যাওয়ার অনেক পরেও ভেঙে পড়তে পারে।
এই ঝড়টি নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির জন্য প্রথম বড় চ্যালেঞ্জ, যিনি মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রিন্ট করুন







Discussion about this post