Print Date & Time : 30 April 2026 Thursday 7:04 pm

তেহরানে ভয়াবহ হামলা: বহু ইরানি সামরিক নেতা নিহত— দাবি ট্রাম্পের

শেয়ার বিজ ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে পরিচালিত এক বৃহৎ হামলায় দেশটির বহু সামরিক নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানের অনেক সামরিক নেতা— যারা দেশটিকে অদক্ষ ও অবিবেচকের মতো পরিচালনা করেছে— তেহরানে বড় ধরনের হামলায় অন্যান্য কিছুর সঙ্গে তারাও ধ্বংস হয়ে গেছে।”

তবে হামলাটি ঠিক কখন সংঘটিত হয়েছে বা এর পেছনে কারা জড়িত— সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। পোস্টের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করা হয়, যেখানে রাতের আকাশে বিস্ফোরণের আলোয় আলোকিত একটি শহরের দৃশ্য দেখা যায়। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এএফপি সূত্রে জানা গেছে, এক মাসেরও বেশি আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে চলমান উত্তেজনার সূত্রপাত ঘটে। এরপর ইরানের পাল্টা হামলায় সংঘাত ক্রমেই বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে এবং জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।