শেয়ার বিজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে সংসদে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে অধিবেশন শুরুর সময় সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা ছিল। নতুন সংসদের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
অধিবেশনকে কেন্দ্র করে গতকাল বুধবার সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা আলাদা করে নিজ নিজ সংসদীয় দলের বৈঠক করেন। এসব বৈঠকে অধিবেশনের দলীয় কৌশল ও অবস্থান নির্ধারণ করা হয়।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দলের অবস্থান অনুযায়ী ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি) সংযুক্ত রেখে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দেন।
অন্যদিকে জামায়াত ও এনসিপির অবস্থান অনুযায়ী বিরোধীদলীয় সদস্যরা গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি এবং কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
এ কারণে নতুন সংসদের শুরুতেই এসব সাংবিধানিক ইস্যু নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা ও বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে।
