নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। সূচকের উত্থানের পাশাপাশি ইন্স্যুরেন্স খাতের চারটি ও ব্যাংক খাতের দুটি কোম্পানির শেয়ারদর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে; যা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে।
গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডে লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের সংখ্যা ছিল ১৮ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৪৩৮টি। আর মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৩ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেশি। সূচকের হিসাবে বাজারে ইতিবাচক চিত্র দেখা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩৪ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৪ দশমিক ৪০ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৩ দশমিক ৬০ পয়েন্টে উন্নীত হয়েছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএসও ৪ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮ দশমিক ৮৭ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৪টির শেয়ারের, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
লেনদেনের পরিমাণের দিক থেকে শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। এছাড়া শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑস্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, পদ্মা অয়েল কোম্পানি, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সামিট অ্যালায়েন্স পোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
অন্যদিকে, দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে ইন্স্যুরেন্স খাতের একাধিক কোম্পানি। দর বৃদ্ধির শীর্ষে ছিল পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংক। এছাড়া তালিকায় রয়েছেÑসিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড-১ ও স্কিম-১, মীর আখতার হোসেন, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে প্রগতি, এশিয়া, ইস্টার্ন ও চার্টার্ড লাইফÑএই চারটি ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারে উল্লেখযোগ্য দর বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
দর পতনের তালিকায় শীর্ষে ছিল আর্থিক খাতের কয়েকটি দুর্বল কোম্পানি। এর মধ্যে রয়েছেÑএফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং দেশ গার্মেন্টস। পাশাপাশি ফ্যামিলি টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার, ভিএফএস থ্রেড ডাইং ও রানার অটোমোবাইলসের শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে।
স্বল্পমেয়াদি মুনাফা প্রত্যাশায় কিছু বিনিয়োগকারীর সক্রিয় অংশগ্রহণের কারণে পুঁজিবাজারে সূচকের উত্থান ও নির্বাচিত শেয়ারে দর বৃদ্ধি দেখা গেছে। তবে তারা বিনিয়োগকারীদের সতর্কভাবে মৌলভিত্তি বিবেচনা করে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন।
