Print Date & Time : 18 April 2026 Saturday 7:43 am

দেশীয় ব্র্যান্ডে নতুন দিগন্ত: ‘এটলাস ইভি’ ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে আনল রাষ্ট্রায়ত্ত এটলাস বাংলাদেশ

মুক্তা বেগম, গাজীপুর : বাংলাদেশের অটোমোবাইল শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তির নতুন যুগের সূচনা করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। রাজধানী পাশে গাজীপুরের টঙ্গীতে ওই প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নিজস্ব ব্র্যান্ড ‘এটলাস ইভি’ নামে ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারজাতকরণ কার্যক্রম।

সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ও গ্রিন মবিলিটি বাস্তবায়নের অংশ হিসেবে এটলাসের এই উদ্যোগকে শিল্প বিশেষজ্ঞরা বাংলাদেশের পরিবেশবান্ধব যানবাহন শিল্পে এক নতুন দিগন্ত বলে অভিহিত করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ব্র্যান্ডের যাত্রা ঘোষণা করেন শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান আনোয়ারুল আলম, বিএসইসি ও এবিএল-এর পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও দেশের বিভিন্ন অঞ্চলের ডিলারবৃন্দ।

চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোং লিমিটেড-এর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বহুদিনের প্রত্যাশিত নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করল এটলাস বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সরকার পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থার প্রসারে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এটলাস বাংলাদেশের এই উদ্যোগ শুধু টেকসই প্রযুক্তির ব্যবহারই নয়, বরং জ্বালানিতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও কার্বন নিঃসরণ হ্রাসের দিকেও একটি কার্যকর পদক্ষেপ।
শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, সরকারি প্রতিষ্ঠানের হাত ধরে ‘এটলাস ইভি’ বাজারে আসায় ক্রেতারা গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও নির্ভরযোগ্য সেবা পাবেন। এটি দেশের উচ্চপ্রযুক্তি শিল্প বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিএসইসি চেয়ারম্যান আনোয়ারুল আলম মন্তব্য করেন, বিশ্বব্যাপী ইলেকট্রিক যানবাহনের চাহিদা বাড়ছে। সময়োপযোগী এই উদ্যোগ দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রথম ধাপে এটলাস বাংলাদেশ বাজারে এনেছে চারটি মডেল-এস-১০০, এস-৯০, এস-৮০ ও এস-৭০।

প্রতিটি মডেলই তৈরি করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া ও সড়ক-পরিবেশের উপযোগিতা বিবেচনায়।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে-লিকুইড-কুলিং মোটর: যানজটপূর্ণ পরিবেশেও স্থিতিশীল পারফরম্যান্স। গ্রাফিন ব্যাটারি-একবার চার্জে ব্যয় মাত্র ১৫ টাকা, চলবে ১০০-১২০ কিমি পর্যন্ত। এনএফসি অ্যান্টি-থেফট সিস্টেম: উন্নত নিরাপত্তা সুবিধা। রেডিয়াল অ্যান্টি-পাংচার টায়ার ও ওয়াটার রেজিস্ট্যান্স-বর্ষাতেও নিশ্চিন্ত রাইডিং।

এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজিবর রহমান জানান, আমরা আন্তর্জাতিক মানের চারটি মডেল দিয়ে যাত্রা শুরু করেছি। উদ্বোধনের দিনই ১২০টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। খুব শিগগিরই সারাদেশে ডিলার আউটলেটের মাধ্যমে ‘এটলাস ইভি’ পাওয়া যাবে।

দেশে ইলেকট্রিক যানবাহনের প্রসারে সরকারি ও বেসরকারি উদ্যোগের ধারাবাহিকতায় ‘এটলাস ইভি’-এর আত্মপ্রকাশকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু অটোমোবাইল শিল্পে নয়, বরং বাংলাদেশের পরিবেশবান্ধব প্রযুক্তি, সবুজ অর্থনীতি ও টেকসই উন্নয়ন যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

এস এস/