Print Date & Time : 23 April 2026 Thursday 4:02 pm

দেশের বাজারে কমল স্বর্ণ ও রূপার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বর্ণের দামে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার প্রভাবেই দেশের বাজারে এ সমন্বয় আনা হয়েছে বলে জানিয়েছে বাজুস। বিশ্ববাজারে স্বর্ণের নির্ভরযোগ্য মূল্যতালিকা প্রকাশকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৭০৩ মার্কিন ডলার।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রূপার দাম ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ৪ হাজার ৬৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।