Print Date & Time : 16 May 2026 Saturday 1:54 am

দেশের বাজারে সোনার দাম কমলো

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৫ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৭ মে সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ২১৫ টাকা। সেই দাম বাড়ানোর আট দিনের মাথায় এখন একই পরিমাণ দাম কমানো হলো।
নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর আগে গত ৭ মে সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।
সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।