Print Date & Time : 29 April 2026 Wednesday 8:05 pm

দেশে ফিরেছেন সাড়ে পাঁচ লাখ সিরীয় শরণার্থী

 শেয়ার বিজ ডেস্ক : গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার সিরীয় শরণার্থী দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। খবর: এএফপি।

ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত শনিবার তিনি এ তথ্য জানান। আলি ইয়ারলিকায়া বলেন, বর্তমানে তুরস্কে প্রায় ২৪ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন, যদিও একসময় এই সংখ্যা ছিল ৩৫ লাখেরও বেশি।

অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে ১১ লাখ ৬০ হাজার সিরীয় নিজ দেশে ফিরে গেছেন এবং প্রায় ১৯ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, এখনও ৭০ লক্ষাধিক সিরীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং ৪৫ লাখের বেশি শরণার্থী বিদেশে অবস্থান করছেন।

এদিকে সিরিয়ার ওপর আরোপিত সিজার আইন অনুযায়ী নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে মত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত ৩১ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে। একইসঙ্গে সিরিয়ার উন্নয়ন ও শান্তিপূর্ণ পুনর্গঠনে সহায়ক যে কোনো বিনিয়োগ বা সম্পৃক্ততাকে স্বাগত জানায়।

২০২০ সালে চালু হওয়া সিজার আইনের আওতায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সরকার, এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

চলতি বছরের মে মাসে সৌদি আরবের আয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার মধ্যে বৈঠক হয়। সেখানেই ট্রাম্প ঘোষণা দেন, সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

তবে আইনি দিক থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মার্কিন কংগ্রেসকে। আইনপ্রণেতারা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আলুশারা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফর করবেন। গত শনিবার দামেস্কে নিযুক্ত বিশেষ মার্কিন দূত টম ব্যারাক এ ঘোষণা দেন। এটি হবে যুক্তরাষ্ট্রের রাজধানীতে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ১০ নভেম্বরের দিকে এ সফর অনুষ্ঠিত হতে পারে। বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক বৈশ্বিক নিরাপত্তা ও ভূরাজনীতিবিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টম ব্যারাক। এ সময় তিনি আশা প্রকাশ করেন, শারার এ সফরে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামিক স্টেটবিরোধী জোটে যোগ দেবে।