প্রতিনিধি, গাজীপুর : দিপু চন্দ্র দাসকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের গাজীপুর জেলা ও মহানগর শাখা। রোববার সন্ধ্যায় গাজীপুর শহরের কৃপাময়ী কালী মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দিপু চন্দ্র হত্যাকাণ্ড একটি নৃশংস ও বর্বরোচিত ঘটনা, যা মানবতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে আতঙ্কিত ও উদ্বিগ্ন করে তোলে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাজীপুর মহানগরের সদস্য সচিব স্বপন মল্লিকের সভাপতিত্বে এবং বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মহানগরের যুগ্ম আহ্বায়ক তপন কুমার রায়, আহ্বায়ক দীপক কর, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, অ্যাডভোকেট বিপ্লব কুমার মজুমদার, ডাক্তার প্রণয় ভূষণ দাস, অ্যাডভোকেট দ্বিজেন্দ্র পাল, অধ্যাপক সমরঞ্জন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা জোরদারের আহ্বান জানান।
