Print Date & Time : 5 May 2026 Tuesday 9:02 am

নতুন বাণিজ্য সম্ভাবনা নিয়ে এইচএসবিসির আলোচনা

শেয়ার বিজ ডেস্ক : দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ সম্প্রতি কুমিল্লায় “পার্টনারশিপ ফর প্রগ্রেস, আনলকিং নিউ ট্রেডহরাইজন” শীর্ষক একটি বিশেষ ফোরামের আয়োজন করেছে। ফোরামে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তনশীল প্রেক্ষাপট, এর প্রভাব এবং কীভাবে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হয়ে নতুন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।

কুমিল্লায় কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিদেশী বিনিয়োগকারী এবং বেপজার প্রতিনিধিসহ বিভিন্ন অংশগ্রহণকারী এই ফোরামে যোগ দেন। কুমিল্লায় অবস্থিত এই এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড), বাংলাদেশে রপ্তানিমুখী শিল্পের একটি ক্রমবর্ধমান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

অনুষ্ঠানে ব্র্যান্ডিক্স বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার, সানুজা হেরাথ বলেন, “বাংলাদেশ আমাদের বৈশ্বিক সাপ্লাই চেইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এইচএসবিসির বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে আমরা ক্রস-বর্ডার ট্রেডে তাদের সহযোগিতা পেয়েছি”। ‘ব্র্যান্ডিক্স’ শ্রীলঙ্কার অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। তারা বিশ্বের শীর্ষস্থানীয় রিটেইল ব্র্যান্ডগুলোর জন্য পণ্য সরবরাহ করে থাকে। গত এক দশকেরও বেশি সময় ধরে তারা কুমিল্লা ইপিজেডে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সল্যুশন্স প্রধান, আহমেদ রবিউল হাসান বলেন, “বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। বৈশ্বিক বাণিজ্যে এই ধারা অব্যাহত রাখার জন্য ডিজিটালাইজেশন, রেজিলিয়েন্স এবং সাপ্লাই চেইন দক্ষতায় বিনিয়োগ প্রয়োজন। এইচএসবিসিতে আমরা এই প্রক্রিয়াগুলো সহজতর করার চেষ্টা করছি এবং এমন সমাধান দিচ্ছি যা আমাদের গ্রাহকদের দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে।”

এইচএসবিসি বাংলাদেশের চট্টগ্রাম ব্যাংকিং প্রধান, ওমর শরীফ বলেন,“বাংলাদেশের এলডিসি উত্তরণ এবং গতিশীল মধ্যম আয়ের অর্থনীতির অগ্রযাত্রায়, কুমিল্লার মত গুরুত্বপূর্ন অঞ্চলগুলো দেশের প্রবৃদ্ধির কেন্দ্রে অবস্থান করছে। বাণিজ্য ও সংযোগের উপর ভিত্তি করে এইচএসবিসি গড়ে উঠেছে এবং আমরা আমাদের বৈশ্বিক নেটওয়ার্ক, স্বীকৃতিপ্রাপ্ত ট্রেড সল্যুশন ও গভীরস্থানীয় অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশে কার্যরত আন্তর্জাতিক ব্যবসাগুলোকে সহায়তা প্রদানে প্রতিশ্রতিবদ্ধ।”

বিশ্বব্যাপী ৫৭টি দেশে ৪১ মিলিয়ন গ্রাহককে সেবা প্রদানকারী এইচএসবিসি, বাংলাদেশের ব্যবসাগুলোকে বিশ্বব্যাপী সংযুক্ত করতে ভূমিকা রাখছে যাতে তারা সুযোগগুলো কাজে লাগিয়ে আন্তঃসংযুক্ত এই বিশ্বে আরো এগিয়ে যেতে পারে।

এস এস/