Print Date & Time : 14 May 2026 Thursday 4:14 am

নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার কেন্দ ীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল অনুষ্ঠিত নিলামের মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই পরিমাণ ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা। মূলত রিজার্ভের পতন ঠেকাতে এবং বাজার থেকে উদ্বৃত্ত ডলার তুলে নিতে এই কৌশল গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। চলতি মে মাসেই এ পর্যন্ত মোট ১৭ কোটি ডলার কেনা হয়েছে। সবমিলিয়ে এই অর্থবছরে এখন পর্যন্ত মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতিবিদরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই ডলার কেনার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা কিছুটা বাড়বে। তবে মুদ্রাবাজারে এর প্রভাব কতটুকু দীর্ঘস্থায়ী হবে, তা নির্ভর করবে নিয়মিত রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ওপর। গত কয়েক মাসে ডলারের বিপরীতে টাকার মানের বড় ধরণের অস্থিরতা দেখা দিলেও সাম্প্রতিক নিলামগুলো বাজার নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করছে।