Print Date & Time : 19 April 2026 Sunday 1:04 am

পাঁচ সিটি করপোরেশনে নতুন প্রশাসক দিল সরকার

নিজস্ব প্রতিবেদক : সরকার দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা অব্যাহত রাখতে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি করপোরেশনে, মো. মাহফুজুর রহমান রাজশাহী সিটি করপোরেশনে, মো. রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি করপোরেশনে, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর সিটি করপোরেশনে

এবং মো. ইউসুফ মোল্লা কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়া সবাই বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ছয়টি সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর-এ মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটিতে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

এ নিয়ে মোট ১১টি সিটিতে প্রশাসক নিয়োগ দিল সদ্য নির্বাচিত বিএনপি সরকার। এর বাইরে আছে কেবল চট্টগ্রাম সিটি করপোরেশন। সেখানে আদালতের রায়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন।