নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৫ পয়েন্টে। এছাড়া শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৫ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ‘ডিএস-৩০’ ৫ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর ডিএসইতে মোট ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৭২৭ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১২ কোটি ৪৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৫৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এবং বিক্রির চাপের কারণে সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
