নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্পখাত থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মানে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বৃহস্পতিবার রাজধানীর আর্মি গলফ ক্লাব-এর গলফ গার্ডেনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শাহাদাত হোসেন, এমপি (লক্ষ্মীপুর-১); মো. আব্দুল্লাহ্, এমপি (মুন্সীগঞ্জ-১); মো. লুৎফর রহমান, এমপি (টাঙ্গাইল-৪); মো. আবুল কালাম, এমপি (কুমিল্লা-৯); মো. খালেদ হোসেন মাহবুব, এমপি (ব্রাহ্মণবাড়িয়া-৩); এবং এরশাদ উল্লাহ, এমপি (চট্টগ্রাম-৮)।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমীন। অনুষ্ঠানে বিজিএমইএ’র অফিস বেয়ারার, পরিচালনা পর্ষদের সদস্য, সাধারণ সদস্য, দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি মঞ্চে ফুল ও ক্রেস্ট দিয়ে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে বরণ করে নেন। বক্তব্যে মাহমুদ হাসান খান বলেন, পোশাক শিল্প পরিবারের সদস্যদের এই বিজয় সমগ্র খাতের বিজয়। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্যরা মহান জাতীয় সংসদে নিজ নিজ এলাকার উন্নয়ন ও সমস্যার পাশাপাশি শিল্পখাতের বিষয়েও সোচ্চার থাকবেন।
তিনি বলেন, উদ্যোক্তাদের নিরন্তর সংগ্রাম, বৈশ্বিক প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের বাস্তবতা সংসদে তুলে ধরা প্রয়োজন। নবনির্বাচিত সাংসদরা জাতীয় সংসদে পোশাক শিল্পের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রপ্তানি বৈচিত্র্যকরণ, ব্যবসা সহজীকরণ, পরিচালন ব্যয় হ্রাস এবং সামগ্রিক অর্থনীতির স্বার্থে ন্যায়সংগত সমাধান নিশ্চিত করতে সংসদ সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন—এমন আশাবাদও জানান বিজিএমইএ সভাপতি।
সংসদ সদস্যদের পক্ষ থেকে বক্তব্য দেন বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মো. লুৎফর রহমান, এমপি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশে পোশাক শিল্পের বিকাশ শুরু হয় এবং ধীরে ধীরে তা জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। শিল্প যেন আরও এগিয়ে যায় এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়—সে লক্ষ্যে পোশাক খাত থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন।
স্বাগত বক্তব্যে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, নবনির্বাচিত এমপিদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা জাতীয় সংসদে শিল্প ও বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও শিল্পখাতের মধ্যে সমন্বয় জোরদার হলে রপ্তানি প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।
ত্রয়োদশ সংসদে পোশাক খাত থেকে ১৬ এমপি
পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত ১৬ জন সদস্য হলেন: আহম্মদ সোহেল মনজুর, এমপি (পিরোজপুর-২); মো. লুৎফর রহমান, এমপি (টাঙ্গাইল-৪); মোহাম্মদ জাকির হোসেন, এমপি (ময়মনসিংহ-৫); মো. শরীফুল আলম, এমপি (কিশোরগঞ্জ-৬); আফরোজা খানম, এমপি (মানিকগঞ্জ-৩); মো. আব্দুল্লাহ্, এমপি (মুন্সীগঞ্জ-১); শামা ওবায়েদ ইসলাম, এমপি (ফরিদপুর-২); খন্দকার আবদুল মুক্তাদীর, এমপি (সিলেট-১); এস. এম. ফয়সল, এমপি (হবিগঞ্জ-৪); মো. খালেদ হোসেন মাহবুব, এমপি (ব্রাহ্মণবাড়িয়া-৩); জাকারিয়া তাহের, এমপি (কুমিল্লা-৮); মো. আবুল কালাম, এমপি (কুমিল্লা-৯); মো. আবদুল হান্নান, এমপি (চাঁদপুর-৪); জয়নুল আবদিন ফারুক, এমপি (নোয়াখালী-২); মো. শাহাদাত হোসেন, এমপি (লক্ষ্মীপুর-১); এবং এরশাদ উল্লাহ, এমপি (চট্টগ্রাম-৮)।
- সংবর্ধনা শেষে দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
