নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা বৃদ্ধি পেয়েছে। কোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯০ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.২১ টাকা বা ৪.৪৮ শতাংশ।
তবে একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) কমে দাঁড়িয়েছে ১২ টাকা ৪৮ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ১১ পয়সা।
২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৯ পয়সা।
উল্লেখ্য, গ্রামীণফোন লিমিটেড ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
