নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) বড় ধরনের লোকসানে পড়েছে। প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৫.৬০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩.৫০ টাকা। ফলে লোকসান বেড়েছে ২.১০ টাকা বা ৬০ শতাংশ।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ২১.৪২ টাকায় নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৪.৭৯ টাকা।
২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৩.৯১ টাকা।
উল্লেখ্য, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
