Print Date & Time : 20 April 2026 Monday 5:11 am

ফরিদপুরে অনুমতিহীন মেলা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

মনিরুল ইসলাম টিটু, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি পার্কের মধ্যে চলছে অনুমতিহীন মেলা। কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় বাণিজ্য মেলা হিসেবে প্রচার প্রচারণা চালাতে না পারায় দেখা মিলছে না কাক্সিক্ষত ক্রেতা ও দর্শনাথী। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

আয়োজকরা বলছেন, বাণিজ্য মেলার আয়োজনের অনুমতি না পাওয়ায় নির্ধারিত স্থানে মেলার আয়োজন করা হয়নি, তবে নিজস্ব ব্যক্তি মালিকানাধীন পার্কের মধ্যে দোকান বসানো হয়েছে। আর প্রশাসন বলছে, অনুমতিহীন মেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে আগেই। যদিও গতকাল  বৃহস্পতিবার পর্যন্তও মেলা চলতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের ফ্যামিলি কিংডম অ্যান্ড ওয়াটার ওয়ার্ল্ড পার্কে গত ৮ সেপ্টেম্বর থেকে চলছে মাসব্যাপী মেলা। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশতাধিক দোকান বসিয়েছেন দোকানিরা। প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলে এ মেলা।

মেলায় অংশ নেয়া দোকানিরা বলছেন, বাণিজ্য মেলার নামে তাদের এখানে আমন্ত্রণ জানানো হলেও বাস্তবতায় ভিন্ন চিত্র। কোথাও নেই বাণিজ্য মেলার প্রচার-প্রচারণা। এতে কাক্সিক্ষত ক্রেতার উপস্থিতি নেই। ফলে নেই বেচা-বিক্রিও। এতে চরম ক্ষতিতে পড়ছেন তারা।

নাম না প্রকাশ করার শর্তে কয়েক জন ব্যবসায়ী জানান, প্রতিটি দোকান থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেয়া হয়ছে, দোকান ভাড়াসহ খরচের টাকা তোলাই এখন দায়।

যদিও মেলার আয়োজক ফ্যামিলি কিংডম অ্যান্ড ওয়াটার ওয়ার্ল্ড পার্কের স্বত্বাধিকারী খন্দকার ইকবাল হোসেন সেলিম জানিয়েছেন, বাণিজ্য মেলার অনুমতি চাওয়া হলেও, তা না পাওয়ায় নির্ধারিত স্থানে মেলার আয়োজন করা হয়নি। তিনি দাবি করেন, ব্যক্তিগত মালিকানাধীন পার্ক চালানো হচ্ছে। সেখানে দোকান বসানো হয়েছে। যদিও তা সহসাই বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে মেলার কোনো অনুমতি প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়নি বলে জানান ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, কয়েকদিন আগেই মেলাটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অনুমতি ছাড়া মেলা চালানোর সুযোগ নেই।