Print Date & Time : 30 April 2026 Thursday 5:01 am

ফারইস্টের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ফারইস্ট টাওয়ার-২-এর সিভিল ও ইলেকট্রো-মেকানিক্যাল কাজের নামে ভুয়া কার্যাদেশ ও জাল বিল-ভাউচার তৈরি করে ১৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে রাজধানীর ৩৬ তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট টাওয়ার-২ ভবনের সাপ্লাই ও কনস্ট্রাকশন-সংক্রান্ত সিভিল/ইলেকট্রো-মেকানিক্যাল রেট্রোফিটিং কাজের নামে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে (এনডিই) অগ্রিম অর্থ প্রদানের জন্য একটি ভুয়া কার্যাদেশ জারি করা হয়। তবে সংশ্লিষ্ট কমিটির সভার এজেন্ডায় এমন কোনো অগ্রিম অর্থ প্রদানের বিষয় ছিল না এবং অনুমোদিত রেজুলেশনেও কোনো বৈধ স্বাক্ষর পাওয়া যায়নি।

দুদকের অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে জাল আবেদনপত্র ও বিল-ভাউচার তৈরি করে মোট ১৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকার ১৬টি চেক ইস্যু করা হয়। এসব চেকের মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর করা হয়। এর একটি অংশ দিয়ে ফারইস্ট ইসলামী প্রোপার্টিজ লিমিটেডের নামে আগে জালিয়াতির মাধ্যমে নেওয়া ঋণ সমন্বয় করা হয় এবং অবশিষ্ট অর্থ নগদে উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট ভাউচারগুলোয় কোনো অনুমোদনকারী বা নিরীক্ষা-সংক্রান্ত স্বাক্ষর ছিল না। এছাড়া ব্যয়ের পক্ষে কোনো বৈধ সহায়ক নথিও পাওয়া যায়নি।

মামলার আসামিরা হলেন, কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্লাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ, সাবেক প্রধান প্রকৌশলী ও বিনিয়োগ এবং রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আমীর মোহাম্মদ ইব্রাহীম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং শাখা প্রধান শেখ আব্দুর রাজ্জাক এবং সাবেক হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স মো. কামাল হোসেন হাওলাদার।

দুদক জানিয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সংঘটিত এসব অনিয়মের ঘটনায় সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করেছেন। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্থ আত্মসাতের মামলায় গত বছরের ২৩ অক্টোবর সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাকে ঢাকার সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।