নিজস্ব প্রতিবেদক: ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনাররা এখন থেকে কোনো জামানত ছাড়াই ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। রাইডার পার্টনারদের জন্য অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার সুযোগ সম্প্রসারণে শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা এবং দেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ফুডপ্যান্ডা বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর রশীদ এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ফুডপ্যান্ডার রাইডাররা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স থেকে জামানতবিহীন ক্ষুদ্রঋণ, সঞ্চয় স্কিম ও বিমাসহ বিভিন্ন আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাবেন, যা তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত ও ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে। একইসঙ্গে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের গ্রাহকদের জন্য ফুডপ্যান্ডার প্ল্যাটফর্মে রাইডার হিসেবে যুক্ত হয়ে বিকল্প আয়ের সুযোগও তৈরি হবে।
রাইডার পার্টনারদের আর্থিক পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ফুডপ্যান্ডা ও ব্র্যাক যৌথভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি দেশব্যাপী ফুডপ্যান্ডার বিভিন্ন হাব অফিস ও ব্র্যাকের মাঠপর্যায়ের অফিসে তথ্য ও নিবন্ধন বুথ স্থাপন করা হবে।
এ বিষয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, ‘ফুডপ্যান্ডার কার্যক্রমে রাইডার পার্টনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের জন্য জামানতবিহীন ক্ষুদ্রঋণের সুযোগ তৈরি করেছি, যা রাইডারদের আর্থিক সুরক্ষা জোরদার করবে। পাশাপাশি ব্র্যাকের গ্রাহকদের ন্য ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বিকল্প আয়ের নতুন সুযোগও সৃষ্টি হবে।’
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. বেলায়েত হোসেন বলেন, ‘ডেলিভারি পার্টনারদের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জামানত ছাড়াই ক্ষুদ্রঋণের সুযোগ প্রদানের মাধ্যমে আমরা তাদের আর্থিক ব্যবস্থাপনা উন্নত করা ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করতে চাই। একইসঙ্গে আমাদের গ্রাহকদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, ফুডপ্যান্ডা দীর্ঘদিন ধরে তাদের ডেলিভারি পার্টনারদের জন্য স্বাস্থ্যসেবা, বিমা ও ব্যক্তিগত উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। ব্র্যাকের সঙ্গে এই নতুন চুক্তি ফুডপ্যান্ডার কল্যাণমূলক উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নেবে।
