Print Date & Time : 19 April 2026 Sunday 8:04 am

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’

চট্টগ্রাম ব্যুরো: আবারও পিছু হটতে বাধ্য হয়েছে পারস্য উপসাগরে উত্তেজনার মুখে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। শুক্রবার রাতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার খবরে জাহাজটি যাত্রা শুরু করলেও ইরানি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় তা শেষ পর্যন্ত পার হতে পারেনি। কয়েক ঘণ্টা পর গভীর রাতে জাহাজটি আবার নিরাপদ স্থানে ফিরে গিয়ে নোঙর করেছে।
গতকাল শনিবার বাংলাদেশ শিপিং করপোরেশনের এমডি কমডোর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১২টার পর ইরানি কর্তৃপক্ষের একটি বেতার বার্তা পাওয়ার পর জাহাজটিকে হরমুজ প্রণালি পার হতে দেওয়া হয়নি। এরপর জাহাজটি ‘মিনা সাকার’ নামক স্থানে ফিরে গিয়ে নোঙর করে। তিনি বলেন, শুধু বাংলাদেশি জাহাজই নয়, আরও প্রায় ৩০টি জাহাজ একইভাবে হরমুজ প্রণালি পার হতে গিয়ে বাধার মুখে আটকে পড়েছে। এদিকে হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলার জয়যাত্রা নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
জাহাজটিতে অবস্থানরত নাবিকদের সূত্র জানায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর পেয়ে শুক্রবার রাতে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল ‘বাংলার জয়যাত্রা’। কিন্তু ইরানি বাহিনী পার হওয়ার অনুমতি না দিয়ে জাহাজটিকে আবার পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়।
বিএসসি সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে ‘বাংলার জয়যাত্রা’ পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। এরপর কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। ঠিক সেই সময়ই মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে পুরো অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করায় জাহাজটি সেখানে আটকে পড়ে।