Print Date & Time : 1 May 2026 Friday 12:10 pm

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে তিনিসহ দুইজনের মনোনয়ন বৈধ ও তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

এই আসনে প্রার্থী হতে চাওয়া পাঁচজনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে এ ঘোষণা করেন তিনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, বিএনপির তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি৷ তাই তাদের মনোনয়নপত্র বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে।

এছাড়া এই আসনে সম্পদের বিবরণী দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত দিলরুবা নূরী, শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ এবং অসম্পূর্ণ হলফনামা দাখিল করায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকির মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।