Print Date & Time : 29 April 2026 Wednesday 10:09 am

বড় উত্থানের পর পতন পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পর প্রথম কার্যদিবস রোববার দেশের পুঁজিবাজারে বড় উত্থান হলেও, দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকগুলোর পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে দরপতনের প্রভাব তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন মোট ৩৯৭টি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ১৫৩টির দর বেড়েছে, ২১৮টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৯ দশমিক ৫৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ০ দশমিক ১৯ শতাংশ কম। শরিয়াহ সূচক ডিএসইএস ৮ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ দশমিক ৭৩ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ০ দশমিক ৭৬ শতাংশ কম। পাশাপাশি  ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫ দশমিক ৭৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ০ দশমিক ৪৩ শতাংশ কম।

লেনদেন চিত্রে দেখা যায়, দিনভর মোট ২ লাখ ৮৯ হাজার ৪৬৩টি লেনদেন সম্পন্ন হয়েছে। এতে মোট ৪৮ কোটি ৯ লাখ ১২ হাজার ৫৩৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এদিন মোট লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ ৮৮ হাজার ১০৯ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ৬৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ১৬ লাখ টাকার। ৩৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑএশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, এক্মি পেস্টিসাইড, আইএফআইসি ব্যাংক, রবি, সোনালী পেপার এবং শাহজিবাজার পাওয়ার।

বাজার-সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের একটি অংশের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিক্রির চাপে এই দরপতন হয়েছে। ভোটের আগে দুদিন এবং ভোটের পরের প্রথম কার্যদিবস পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ছিল। টানা তিন কর্যদিবসের উত্থানে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বেশ বেড়ে যায়। বিনিয়োগকারীদের একটি অংশ এই সুযোগে মুনাফা তুলে নিতে বিক্রির চাপ বাড়ায়। এ কারণে বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে।