Print Date & Time : 17 April 2026 Friday 8:12 pm

বাঁশবাগানে ফেলে যাওয়া নবজাতকের মৃত্যু

প্রতিনিধি মেহেরপুর : মেহেরপুরের গাংনীর পুরাতন মটমুড়া এলাকার বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া নবজাতক মারা গেছে। বুধবার মধ্যরাত রাত ২টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাউদ কবির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছিলো।

নবজাতককে উদ্ধারকারী আনসার সদস্য ইমরান হোসেন বলেন, “বাঁশ বাগানে কান্নারত অবস্থায় মেয়ে নবজাতককে উদ্ধার করে আমি কোলে করে হাসপাতালে নিয়ে যাই। বুধবার রাত ২টার দিকে শিশুটি মারা গেছে বলে জানতে পেরেছি। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিলো। এটা ভাবতেই যেন কেমন লাগছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।”

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, মটমুড়া ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আলোচনা করে কোথায় নবজাতকের জানাজা করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো।”

এস এস