শেয়ার বিজ ডেস্ক: ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক দিন আগে অর্থাৎ গতকাল মঙ্গলবার আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই চিঠিতে পিসিবি জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তারা সমর্থন করে। ক্রিকইনফো জানিয়েছে, চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।
সূত্রের খবর, নিরাপত্তাজনিত শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধের প্রেক্ষিতে বুধবার আইসিসি বোর্ড সভা ডেকেছে। তবে পিসিবির চিঠির কারণেই এই সভা ডাকা হয়েছে কি না, সেটা নিশ্চিত নয়।
পিসিবির চিঠির সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে জানা গেছে—এতে আইসিসির অবস্থানে কোনও প্রভাব ফেলবে না। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় বিশ্বকাপের সূচিতে পরিবর্তন না আনা বা বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় না সরানোর বিষয়ে আইসিসি এখন পর্যন্ত অনড়। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনাতেও একই অবস্থান জানিয়ে দিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ সরকারের সমর্থন নিয়ে বিসিবি দলের গ্রুপপর্বের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে।
এই ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। সর্বশেষ গত সপ্তাহান্তে ঢাকায় বৈঠক হলেও কোনও পক্ষই অবস্থান বদলায়নি। আইসিসি বলছে নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচ হবে, আর বিসিবির বক্তব্য- তারা দলকে ভারতে পাঠাতে পারবে না। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে, সিদ্ধান্তের শেষ সময়সীমা হিসেবে ২১ জানুয়ারি (বুধবার) নির্ধারণ করা হয়েছিল।
এই অচলাবস্থার মধ্যে পিসিবি দেরিতে সম্পৃক্ত হয়েছে নানা জল্পনা-কল্পনার প্রেক্ষাপটে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দলের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছিল পিসিবি। এমনকি আরও শোনা গেছে, বাংলাদেশের পরিণতির ওপর নির্ভর করে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও পর্যালোচনা করছে পিসিবি। তবে এ বিষয়ে পিসিবি প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি এবং ক্রিকইনফোর প্রশ্নেরও জবাব দেয়নি।
প্রিন্ট করুন








Discussion about this post