শেয়ার বিজ ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা-এর ১১৭তম আসর সম্পন্ন হয়েছে। এবারও চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০৮ জন বলী অংশ নেন।
দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক টানা ১২তম বছরের মতো এ ঐতিহ্যবাহী আয়োজনের পৃষ্ঠপোষকতা করে আসছে।
ফাইনাল রাউন্ডে কুমিল্লা থেকে আগত রাশেদ বলীকে পরাজিত করে বাঘা শরীফ শিরোপা জিতে নেন। চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকা এবং রানার-আপকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জব্বারের বলীখেলা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি চট্টগ্রামের পরিচয়ের অংশ এবং শতবর্ষের ঐতিহ্যের অনন্য নিদর্শন।
বাংলালিংকের ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর সৈয়দ হোসেন চৌধুরী বলেন, এক যুগের বেশি সময় ধরে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ততা দেশের ঐতিহ্যবাহী খেলাকে আরও পরিচিত করতে ভূমিকা রাখছে। তিনি বলেন, ঐতিহ্য ও ডিজিটাল ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন তৈরিই তাদের লক্ষ্য।
এ বছর প্রথমবারের মতো পুরো আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে লাইভস্ট্রিম করা হয়, যাতে দেশের সর্বস্তরের দর্শক সহজেই উপভোগ করতে পারেন।
ঐতিহাসিক আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে তরুণদের উদ্বুদ্ধ করতে এ প্রতিযোগিতার সূচনা করেন। এক শতকের বেশি সময় ধরে এটি চট্টগ্রামের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। ১১৭তম আসর শেষে আবারও প্রমাণিত হলো, জব্বারের বলীখেলা দেশের সাংস্কৃতিক ধারাবাহিকতার এক অনন্য প্রতীক।
