মুক্তা বেগম, গাজীপুর : রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) এবার বাজারে আনল ‘এটলাস ইভি’ নামে ইলেকট্রিক মোটরসাইকেল। গতকাল বুধবার গাজীপুরের টঙ্গীতে প্রতিষ্ঠানটির নিজস্ব ব্র্যান্ড হিসেবে পরিবেশবান্ধব এই মোটরসাইকেলের বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প ও গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পসচিব ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান আনোয়ারুল আলম, বিএসইসি ও এবিএলের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও দেশের বিভিন্ন অঞ্চলের ডিলাররা।
চীনের ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোং লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সরকার পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থার প্রসারে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এটলাস বাংলাদেশের এই উদ্যোগ শুধু টেকসই প্রযুক্তির ব্যবহারই নয়, বরং জ্বালানিতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও কার্বন নিঃসরণ হ্রাসের দিকেও একটি কার্যকর পদক্ষেপ।
শিল্পসচিব ওবায়দুর রহমান বলেন, সরকারি প্রতিষ্ঠানের হাত ধরে ‘এটলাস ইভি’ বাজারে আসায় ক্রেতারা গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও নির্ভরযোগ্য সেবা পাবেন। এটি দেশের উচ্চপ্রযুক্তি শিল্প বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিএসইসি চেয়ারম্যান আনোয়ারুল আলম বলেন, বিশ্বব্যাপী ইলেকট্রিক যানবাহনের চাহিদা বাড়ছে। সময়োপযোগী এই উদ্যোগ দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথম ধাপে এটলাস বাংলাদেশ বাজারে এনেছে চারটি মডেল-এস-১০০, এস-৯০, এস-৮০ ও এস-৭০। প্রতিটি মডেলই তৈরি করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া ও সড়ক-পরিবেশের উপযোগিতা বিবেচনায়।
উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছেÑলিকুইড-কুলিং মোটর: যানজটপূর্ণ পরিবেশেও স্থিতিশীল পারফরম্যান্স। গ্রাফিন ব্যাটারি: একবার চার্জে ব্যয় মাত্র ১৫ টাকা, চলবে ১০০-১২০ কিমি পর্যন্ত। এনএফসি অ্যান্টি-থেফট সিস্টেম: উন্নত নিরাপত্তা সুবিধা। রেডিয়াল অ্যান্টি-পাংচার টায়ার ও ওয়াটার রেজিস্ট্যান্স: বর্ষাতেও নিশ্চিন্ত রাইডিং। এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান জানান, আমরা আন্তর্জাতিক মানের চারটি মডেল দিয়ে যাত্রা শুরু করেছি। উদ্বোধনের দিনই ১২০টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। শিগগিরই সারাদেশে ডিলার আউটলেটের মাধ্যমে ‘এটলাস ইভি’ পাওয়া যাবে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু অটোমোবাইল শিল্পে নয়, বরং বাংলাদেশের পরিবেশবান্ধব প্রযুক্তি, সবুজ অর্থনীতি ও টেকসই উন্নয়ন যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।
