Print Date & Time : 25 April 2026 Saturday 3:28 am

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

শেয়ার বিজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে গতকাল শুক্রবার স্বর্ণের দাম আরও কমেছে। তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কাÑ বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির থাকায় তা চাপ সৃষ্টি করেছে স্বর্ণবাজারে। খবর রয়টার্স।
গতকাল শুক্রবার গ্রিনিচ মান সময় ৪টা ২৬ মিনিট অনুযায়ী, স্পট স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৬১.৩৩ ডলারে নেমেছে। টানা চার সপ্তাহ বাড়ার পর চলতি সপ্তাহে এ পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩.৫ শতাংশ কমেছে। অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৬.৫০ ডলারে।
বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, যতদিন হরমুজ প্রণালির দীর্ঘমেয়াদি বন্ধ থাকার ঝুঁকি থাকবে, ততদিন তেলের দাম উচ্চ পর্যায়ে থাকবে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, স্বর্ণের দাম বর্তমানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাফেরা করছেÑ উপরের দিকে প্রায় ৪ হাজার ৯০০ ডলার (৫০ দিনের গড়) এবং নিচের দিকে প্রায় ৪ হাজার ৬৪৫ ডলার (২০ দিনের গড়)। ওং বলেন, ‘এখন সবকিছুই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আসন্ন পরিস্থিতির ওপর।’
বাজার বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম স্বল্পমেয়াদে চাপের মধ্যে থাকলেও দীর্ঘমেয়াদে আবার বাড়তে পারে। বিশেষ করে যদি ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে তবে আরও কমতে পারে স্বর্ণসহ মূল্যবান ধাতুগুলোর দাম।
একই দিনে, দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।