Print Date & Time : 14 May 2026 Thursday 6:21 pm

বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে চায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক। বিশেষ করে কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করতে চায় সংস্থাটি। গতকাল রোববার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসম। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে বৈঠক করে।

বৈঠকের শুরুতে কৃষিমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রতিনিধিদলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন জেলার ১১টি ব্লকে এই কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে এটি সারাদেশে বিস্তৃত করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকের স্বার্থ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্বব্যাংকের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের সহযোগিতা কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়নবিষয়ক আঞ্চলিক পরিচালক দিনা উমালি-ডাইনিঙ্গারসহ অন্যান্য প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। বৈঠকে উভয় পক্ষই কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।