Print Date & Time : 12 April 2026 Sunday 5:08 am

বিশ্বসাহিত্য কেন্দ্রে আজ সায়ানের একক আয়োজন

শেয়ার বিজ ডেস্ক : রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যায় ৭টায় হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের একক সংগীতানুষ্ঠান। ‘আমি সুন্দর হবো’ শিরোনামে আয়োজনটি পরিচালনা করছে ‘বিটুইন দ্য লাইন’, যার উদ্যোক্তা ব্যান্ড ‘শহরতলী’র সদস্য জিল্লুর রহমান সোহাগ। দুই ঘণ্টার এই অনুষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন। শেষ হবে রাত ৯টায়।

এ প্রসঙ্গে সায়ান বলেন, ‘যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, সেখানে সৌন্দর্য কেবল দৃশ্যমান নয়, মানুষের মনের ভেতরেও সৌন্দর্য তৈরি হয়। গান সেই সৌন্দর্যের ভাষা। কনসার্টটি আমার কাছে শুধু শিল্পের আয়োজনে নয়, বরং চারপাশের প্রতি ভালোবাসা ও মানবিকতার প্রকাশ। যার যার মতো করে সুন্দর হবার প্রয়াস, এই ধারণাকে কেন্দ্র করেই গানগুলো সাজানো।’

আয়োজক সোহাগ জানান, ‘বিটুইন দ্য লাইন’ নামের প্রতিষ্ঠানের এটি প্রথম অনুষ্ঠান। তিনি বলেন, ‘আমরা চাই শ্রোতারা শুধু গান শুনে না, ভেতর থেকে কিছু অনুভব করুক। ‘আমি সুন্দর হবো একটু একটু করে, অসুন্দরকে সুন্দরে পাল্টাবো’ এটাই আমাদের মূল ভাবনা। আয়োজনটি যেন ভালো লাগা এবং ইতিবাচক বার্তা ছড়ায় সেই চেষ্টা করেছি।’ কনসার্টে প্রবেশের জন্য ১০০০ ও ৮০০ টাকার দুই ধরনের টিকিট পাওয়া যাচ্ছে।

ফারজানা ওয়াহিদ সায়ান গত কয়েক বছরে প্রতিবাদী ও সচেতনতামূলক গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘আমিই বাংলাদেশ’, ‘তার চেয়ে মেনে নাও’, ‘হঠাৎ করেই চোখ পড়েছে’ এবং আরও কিছু উল্লেখযোগ্য সিঙ্গেল। সামাজিক-সাংস্কৃতিক বিষয় নিয়ে তাঁর নিজস্ব অবস্থান রয়েছে, আর সেই কারণেই নতুন প্রজন্মের অনেক শ্রোতার কাছে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।

অন্যদিকে, সোহাগ বরাবরই ‘শহরতলী’ ব্যান্ডের সঙ্গে নিয়মিত পারফর্ম করছেন। ব্যান্ডের পাশাপাশি তিনি নিজেও গান লেখেন এবং এককভাবে সুর করেন। নতুন এই আয়োজন নিয়ে দর্শক-শ্রোতার উপস্থিতিতে হবে একটি স্মরণীয় সন্ধ্যা এমনটিই আশা করছেন শ্রোতারা।

এস এস/