নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত রপ্তানি প্রণোদনা বণ্টনে বৈষম্যের অভিযোগ উঠেছে ব্যবসায়ী মহলে। তাদের দাবি, গত ৫ মে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করা দেড় হাজার কোটি টাকার প্রণোদনা মূলত তৈরি পোশাক খাতে বিতরণ করা হয়েছে। এর ফলে চামড়া, পাদুকা এবং অন্যান্য রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা জানান, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দার মধ্যেও অনেক প্রতিষ্ঠান রপ্তানি প্রণোদনার ওপর নির্ভর করেই কার্যক্রম চালিয়ে আসছিল। কিন্তু এবার এই অর্থ না পাওয়ায় চামড়া ও পাদুকাশিল্পে তীব্র তারল্য সংকট দেখা দিয়েছে।
ব্যবসায়ী নেতারা আশঙ্কা করছেন, সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে লক্ষাধিক শ্রমিকের ঈদ উৎসবের আনন্দ ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
এ পরিস্থিতিতে চামড়া ও পাদুকাশিল্প মালিকদের সংগঠনগুলো ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তারা বঞ্চিত খাতগুলোর জন্য দ্রুত প্রণোদনার অর্থ ছাড়ের দাবি জানিয়েছেন।
ব্যবসায়ী মহল আরও স্মরণ করিয়ে দিয়েছে, গত ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক বিশেষ ঋণ সুবিধা চালু করেছিল। একই ধরনের সহায়তা ঈদুল আজহার আগেও চালু করা হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো সময়মতো বেতন-ভাতা পরিশোধ করতে পারবে এবং সার্বিক শিল্প পরিবেশ স্থিতিশীল রাখা সম্ভব হবে।
বর্তমান প্রেক্ষাপটে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বাংলাদেশ ব্যাংকের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

Print Date & Time : 20 May 2026 Wednesday 1:53 pm
বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে
দিনের খবর,শেষ পাতা ♦ প্রকাশ: