নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৩ মে থেকে ০৭ মে) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। একই সঙ্গে দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ৮০ শতাংশজুড়েই রয়েছে ব্যাংক খাতের প্রতিষ্ঠান, যা ব্যাংক খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারদর কমেছে ২০ দশমিক ৪৫ শতাংশ। এতে দরপতনের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ব্যাংকটি।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে ব্যাংকটির শেয়ারদর কমেছে ১৮ দশমিক ১৮ শতাংশ।
অন্যদিকে এবি ব্যাংকের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ২১ শতাংশ। ফলে দরপতনের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্যাংকটি।
এছাড়া সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— আইএসএন লিমিটেড, ইস্টার্ন ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতের একাধিক প্রতিষ্ঠান জেড গ্রুপে স্থানান্তর হওয়া এবং খাতটির সামগ্রিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ বেড়েছে। এর প্রভাবেই ব্যাংক খাতের অধিকাংশ শেয়ারের দর কমেছে।
