Print Date & Time : 21 April 2026 Tuesday 7:04 am

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনার পরিকল্পনা নেই: ইরান

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) তেহরানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।
বাঘেই অভিযোগ করেন, গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি প্রথম থেকেই ভঙ্গ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ওয়াশিংটন প্রথম থেকেই চুক্তির শর্ত অমান্য করে নৌ-অবরোধ বহাল রেখেছে এবং অতীতে আলোচনা চলাকালেও হামলা চালিয়েছে, যা তেহরান ভুলে যায়নি। এ বিষয়টি এরই মধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকেও অবহিত করেছে ইরান।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিনিদের সঙ্গে আবার আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই, তবে তেহরান সর্বদা তাদের জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে। বাঘেই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে কোনো যুদ্ধের উসকানি দেয় বা সংঘাত শুরু করতে চায়, তবে ইরানের সশস্ত্র বাহিনী তার কঠোর জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে ইরান তাদের ১০ দফা দাবি উত্থাপন করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের অসহযোগিতার কারণে অগ্রগতি সম্ভব হয়নি।
বৈঠকে লেবানন প্রসঙ্গ তুলে ধরে এই ইরানি কূটনীতিক বলেন, একটি সমঝোতা হয়েছিল যে লেবাননও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আওতায় থাকবে। কিন্তু পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়ার পরও ওয়াশিংটন তা অস্বীকার করে।
বাঘেই দাবি করেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদ ছিল এবং বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের আগ্রাসী মনোভাবই দায়ী। তিনি অভিযোগ করেন, আলোচনার টেবিলে বসেও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করে প্রতারণার আশ্রয় নিয়েছে।
ইরানের পক্ষ থেকে আলোচনার দরজা বন্ধ করে দেওয়ার ইঙ্গিত পাওয়া গেলেও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এখনো আশাবাদী। দেশটির রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনার জন্য ব্যাপক প্রস্তুতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ইরানের এই কঠোর অবস্থানের পর আসন্ন বৈঠকটি আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার দিকে এগোচ্ছে, যেখানে ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, তারা আর কোনো ‘অফলপ্রসূ’ সংলাপে অংশ নেবে না। সূত্র: আল জাজিরা