Print Date & Time : 17 April 2026 Friday 2:35 pm

যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন ঝড়ে প্রাণ গেল ৩০ জনের, হাজারো ফ্লাইট বাতিল

শেয়ার বিজ ডেস্ক: তীব্র শীতকালীন ঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিস্তীর্ণ এলাকায় এই ঝড় জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। একই সঙ্গে বাতিল ও বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সপ্তাহের শেষ দিকে টেক্সাস থেকে শুরু করে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় ঝড়টি তাণ্ডব চালায়। এতে বহু অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যাহত হয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বড় বড় শহর ঘন তুষারে ঢেকে যায়।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় প্রায় ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে ঝড়ের প্রভাবে কানাডার দক্ষিণ অন্টারিও অঞ্চলেও জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রে আবারও একটি শীতকালীন ঝড় আঘাত হানতে পারে।

সোমবার বিকেল পর্যন্ত টেনেসি অঙ্গরাজ্যে দুই লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে অন্ধকারে দিন কাটাতে বাধ্য হন শহরের বাসিন্দারা।

নাশভিল রেসকিউ মিশন হোমসের শেল্টারের ভাইস প্রেসিডেন্ট জয় ফ্লোরেস বিবিসিকে জানান, ঝড়ে বহু গাছ উপড়ে সড়কের ওপর পড়ে গেছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় অনেক এলাকায় রাস্তা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, বিদ্যুৎহীন মানুষদের কাছ থেকে তাদের প্রতিষ্ঠান বিপুল ফোনকল পাচ্ছে। এমনকি তার নিজের বাড়িতেও গরমের ব্যবস্থা, ইন্টারনেট ও কফি নেই বলে জানান তিনি।

নিউইয়র্ক সিটির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত শহরটিতে আটজনের মৃত্যু হয়েছে। এ সময় তাপমাত্রা নেমে আসে এক অঙ্কের ঘরে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ১১ দশমিক ৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

টেক্সাসে স্লেডিং দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে নর্থ ক্যারোলাইনার বানকম্ব কাউন্টিতে সড়কের পাশে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি আবহাওয়া-জনিত মৃত্যু কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

লুইসিয়ানার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তীব্র শীতের কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে সেখানে দুজনের মৃত্যু হয়েছে।

ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি অঙ্গরাজ্যের বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, ঝড় এখনও শেষ হয়নি এবং সোমবার সেখানে আরও এক থেকে পাঁচ ইঞ্চি তুষারপাত হতে পারে।

শীতকালীন ঝড়ের প্রভাবে সোমবারও যুক্তরাষ্ট্রজুড়ে বিমানযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এদিন ১৯ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয় এবং পাঁচ হাজার ৯০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার থেকে আবারও একটি শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানার সম্ভাবনা বাড়ছে। এটি হলে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলজুড়ে তীব্র শীতের পাশাপাশি ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। তবে ঝড়টির সম্ভাব্য গতিপথ ও সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা এখনও নিশ্চিত নয় বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে কানাডায় ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কুইবেক ও অটোয়া অঞ্চলে। এর ফলে সড়ক পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সিবিসির তথ্যমতে, রোববার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ দশমিক ১ ইঞ্চি (৪৬ সেন্টিমিটার) তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা ওই অঞ্চলের জন্য নতুন রেকর্ড।